ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ সোহাগ প্রকাশ সোহান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর ৫:১০ মিনিটের দিকে বিজয়নগর থানার এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের রেললাইনের উত্তর পাশে রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তা থেকে সোহাগ প্রকাশ সোহানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ প্রকাশ সোহান কাশিনগর (আলী বাড়ি) এলাকার মৃত হুমায়ুনের ছেলে। তার মায়ের নাম সুরমা বেগম।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩২, তারিখ ১৯ আগস্ট ২০২৬ এবং জিআর নং-৩২৩, তারিখ ১৯ আগস্ট ২০২৬।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো আরো হয়েছে, অভিযানের পরও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন:








