বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির মৃত্যু

রাজু আহমেদ, কুষ্টিয়া 

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৫:২১

আপডেট: ১৯ আগস্ট, ২০২৬ ১৫:৩৮

শেয়ার

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দম্পতি ও তাদের দুই বছর বয়সি শিশুসহ কুষ্টিয়ার চারজন নিহত হয়েছেন।

বুধবার ভোররাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত কুষ্টিয়ার চারজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার সাংবাদিক দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাদের দুই বছর বয়সি শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।

নিহত দেবাশিস দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি আজকের খবর ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী, সন্তানসহ কলকাতায় যান দেবাশিস দত্ত। সেখানে অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভ্রমণ ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন তথ্যও প্রকাশ করেন।

একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই.....’। এর কয়েকদিন পরই কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তিনি, তার স্ত্রী ও শিশুসন্তান।



banner close
banner close