বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে এই র্যালিটি বের হয়।
র্যালিটি টঙ্গীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মিলগেট কাদেরিয়া টেক্সটাইল এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সিরাজুল ইসলাম সাথী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনের এই গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারণ করে আগামী দিনেও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে।
উক্ত কর্মসূচিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








