বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

মানিকগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগ, কথিত সোর্স আটক

মানিকগঞ্জ,প্রতিনিধি

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১১:৩৮

শেয়ার

মানিকগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগ, কথিত সোর্স আটক
ছবি: বাংলা এডিশন

‎মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশ পরিচয়ে স্থানীয়দের দেহ তল্লাশি ও হয়রানির অভিযোগে মো. আলমগীর হোসেন নামে এক কথিত পুলিশ সোর্সকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় । এ ঘটনায় হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানাকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎মঙ্গলবার দুপুরে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া মোড়ে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বলড়া ইউনিয়নের পিপুলিয়া ব্রিজ এলাকায় কয়েকজনের শরীর তল্লাশি করেন। তাদের কাছে কোনো কিছু না পেয়ে তারা হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের দিকে চলে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের পিছু নেন। পরে দক্ষিণ চাঁদপুর এলাকা থেকে আলমগীর হোসেনকে আটক করে বলড়া মোড়ে নিয়ে আসেন তারা।

‎স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আলমগীর নিজেকে হরিরামপুর থানায় কর্মরত এএসআই মো. সোহেল রানার সোর্স হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

‎একটি ভিডিও তে দেখা যায়, আলমগীর স্থানীয়দের জানান , দুপুর ২টার দিকে পিপুলিয়া ব্রিজ এলাকায় এএসআই সোহেল রানা, আলমগীর ও একজন অটোচালক মিলে মাদক উদ্ধারের উদ্দেশ্যে কয়েকজনের শরীর তল্লাশি করেন। পরে তারা দক্ষিণ চাঁদপুরের দিকে চলে যান বলে জানা যায়।

‎স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তিরা লোকজনকে হয়রানিমূলক তল্লাশি ও মারধর করেছেন।

‎খবর পেয়ে হরিরামপুর থানায় কিলো ডিউটিতে থাকা এসআই মোহাম্মদ মাসুদ মুন্সী ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

‎বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, “আলমগীরকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

‎এদিকে, এ ঘটনায় হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানাকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম।



banner close
banner close