শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৫৮৪ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার মো. রোমান মিয়া (২২) ও জামালপুর জেলার মো. শান্ত ইসলাম (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কুসুমহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে পিকআপের পেছনে মুড়ির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শেরপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
র্যাব-১৪ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুজনকে উদ্ধার করে মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








