মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩:০০টায় নিয়াজ মোহাম্মদ হাইস্কুল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় পুলিশের চট্টগ্রাম বিভাগের সম্মানিত ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিতরা বলেন, নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব।
আরও পড়ুন:








