ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মাশরাফি (৫) ও ফারহান (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
নিহত মাশরাফি সতেরো পাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং ফারহান মালয়েশিয়া প্রবাসী তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুই চাচাতো ভাই। পুকুরে নেমে তারা শরীরে লেগে থাকা কাদা পরিষ্কার করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এরই মধ্যে ফারহানের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজন শিশুকে ভাসতে দেখতে পান। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন।
পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর খবর পেয়ে দূর মালয়েশিয়ায় থাকা বাবা তরিকুল ইসলামও ভেঙে পড়েছেন। প্রবাসের মাটিতে বসেই সন্তান হারানোর এই নির্মম শোক বয়ে বেড়াচ্ছেন তিনি। সবচেয়ে কষ্টের বিষয়, শেষবারের মতো ছেলের মুখ দেখা তো দূরের কথা, নিজের সন্তানের জানাজাতেও উপস্থিত হতে পারেননি তিনি।
কান্নাজড়িত কণ্ঠে প্রবাসী তরিকুল ইসলাম বলেন, “আমার ছেলে ফারহান এবং আমার ভাতিজা মাশরাফির জন্য সবাই দোয়া করবেন। যেন তারা দুজনেই জান্নাতবাসী হয়। এই দূর প্রবাসে থেকে ছেলের জানাজাটাও পড়তে পারিনি।”
তার এই আকুতি যেন প্রবাসের দূরত্ব পেরিয়ে ছুঁয়ে যাচ্ছে স্বজনদের হৃদয়। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে শেষ বিদায়েও পাশে থাকতে না পারার বেদনা—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।
দুই শিশুর নিথর দেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। যে আঙিনায় কিছুক্ষণ আগেও দুই শিশুর হাসি-খেলাধুলায় মুখর ছিল, সেখানে নেমে আসে নিস্তব্ধতা। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির।
এদিকে, গণমাধ্যমকর্মী সংবাদ সংগ্রহের জন্য মুঠোফোনে কর্তব্যরত চিকিৎসকের কাছে তথ্য জানতে চাইলে তিনি তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। পরে সরাসরি হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
দুই শিশুর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-স্বজনসহ পুরো সতেরো পাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুই শিশুর আত্মার শান্তি কামনা করেছেন।
আরও পড়ুন:








