সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবির বিক্ষোভ থেকে বৈছাআ নেতা মাহদীসহ আটক তিন

শেখ বেলাল, হবিগঞ্জ

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৮:৩৮

শেয়ার

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবির বিক্ষোভ থেকে বৈছাআ নেতা মাহদীসহ  আটক তিন
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ শহরে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহে অনিয়মের প্রতিবাদে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান এবং নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে বিক্ষোভস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখান থেকে এনসিপির দুইজনকে হেফাজতে নেয় পুলিশ। তাদের মধ্যে রয়েছেন বৈছাআ নেতা মাহদী হাসান, এনসিপির সমন্বয়ক মো. রাজু মিয়া। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হবিগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য তাদের হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়ছে।

বিক্ষোভকারীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহের অনিয়ম দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।



banner close
banner close