সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৬:৩৩

শেয়ার

চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো কনটেন্ট ক্রিয়েটরের
ছবি: সংগৃহীত

চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে ভিডিও বানাতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। মোটরসাইকেল চালানোর সময় অন্যরা তার ভিডিও ধারণ করতেন। পরে সেসব ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন তিনি। এতে তার ভিডিওতে প্রচুর ভিউও পাওয়া যেত।

সোমবার সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন শাওন। একপর্যায়ে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেন তিনি। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পড়ে গিয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ হয় শাওনের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হতো। কিন্তু আজ একইভাবে ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হলো। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে এসব ভিডিও তৈরি শুরু করেছিলেন।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



banner close
banner close