রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন

‎‎জান্নাতুল বাকী, জেলা প্রতিনিধি, শেরপুর

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২১:৩০

শেয়ার

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন
ছবি: সংগৃহীত

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, শেরপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা বিনতে রফিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবীরা।

‎‎আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

‎‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

‎‎তিনি বলেন, মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্য খামারি, জেলে ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

‎অনুষ্ঠান শেষে মৎস্য খাতে সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্য খামারিকে পুরস্কৃত করা হয়।



banner close
banner close