রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

মোঃ আরিফুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৯:৩০

শেয়ার

বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত ও বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

রবিবার সকাল ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে আয়োজকদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-বিদ্যালয়ের বেদখল জমি দ্রুত উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠের ব্যবস্থা, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এ ছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার কারণে পরিবেশ ও প্রাকৃতিক জলাশয়ের ওপর সৃষ্ট বিরূপ প্রভাব থেকে প্রতিকারেরও দাবি জানান আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, বিদ্যালয়ের নিজস্ব জমি দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত ও বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ হাসান, সাবেক প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াস, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলমগীর তালুকদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।



banner close
banner close