‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
রবিবার সকালে শার্শা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করেন অতিথিরা। পরবর্তীতে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের খাদ্যতালিকায় ভাতের পরেই মাছের স্থান। পুষ্টি ও প্রোটিনের ঘাটতি পূরণে মাছের ভূমিকা অপরিসীম। শার্শার অর্থনীতিতে মৎস্য চাষিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন, তাই আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে শার্শার মাছ চাষকে আরও সমৃদ্ধ ও লাভজনক করতে আমরা সবাই মিলেমিশে কাজ করব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তপু কুমার সাহা, শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান, শার্শা থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন:








