রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জ সীমান্তে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ

শেখ বেলাল, হবিগঞ্জ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২২:৪২

শেয়ার

হবিগঞ্জ সীমান্তে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযানে এসব মাদক জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি-তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় বস্তার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় মালিকবিহীন ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবির ধারণা, চোরাকারবারিরা ভারত থেকে পাচারের পর মাদকগুলো সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে নেওয়ার উদ্দেশ্যে দুর্গম বনাঞ্চলে লুকিয়ে রেখেছিল।

এদিকে, একই দিন বিকেল ৬টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সীমান্ত এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

৫৫ বিজিবি আরও জানায়, চলতি মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলসহ সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১৮৬ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ ও ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের ভয়ালগ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



banner close
banner close