শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মানবিক ও বৃক্ষপ্রেমী করে গড়ার প্রত্যয়: মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২১:৪৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মানবিক ও বৃক্ষপ্রেমী করে গড়ার প্রত্যয়: মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে।

শনিবার আয়োজিত কর্মসূচিতে নিয়াঝ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, খ্রিস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও মিশন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে মাসব্যাপী এ অভিযানের শুভ সূচনা করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ সময় পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

বৃক্ষরোপণ অভিযানের অন্যতম ব্যতিক্রমী দিক হলো প্রতিটি চারায় কিউআর কোড সংযুক্ত করা। শিক্ষার্থীরা গাছের পরিচর্যা ও বেড়ে ওঠার ছবি এবং সর্বশেষ আপডেট কিউআর কোড স্ক্যান করে আলহাজ হাফিজুর রহমান মোল্লা (কচি)-এর আইডিতে পাঠাতে পারবে। এসব আপডেটের বিপরীতে নির্ধারিত অর্থ দিয়ে একটি ‘সহায়তা তহবিল’ গঠন করা হবে। আয়োজকদের মতে, এতে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করা হবে।

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম (সিরাজ), জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং সাবেক মেয়র ও জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ হাফিজুর রহমান মোল্লা (কচি)সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন ‘গ্রিন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র সদস্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার একটি উদ্যোগ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার সামাজিক দায়িত্ব। মাসব্যাপী এ অভিযানে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আয়োজকদের বার্তা ছিল আমরা আজ আছি, কাল থাকব না; আসুন, আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি।



banner close
banner close