গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। তাদের আটক করার সময় ফজলে রাব্বি নামে স্থানীয় এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ৫০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিকীর (কমিশনার রোড) সড়কের শেষ মাথায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ত্রিশাল থানার রসুলপুর গ্রামের ফয়সাল আহমেদ বাবু এবং পাবনার ভাঙ্গুড়া থানার চর ভাঙ্গুড়া গ্রামের সজিব। তারা দুজনই টঙ্গীর গাজীপুরা এলাকায় পৃথক বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মামুন ব্যবসার কাজে এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবককে সন্দেহজনক ডাক দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের ধাওয়া দিয়ে ধরতে গেলে আটক যুবকেরা ছাত্রদল নেতা ফজলে রাব্বির শরীরে বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা চালায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়।
আটকের সময় তাদের কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট, গাঁজা, একটি হাতুড়ি, একটি চাপাতি ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের টঙ্গী পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফজলে রাব্বি জানান, সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করতে গেলেই ওই যুবকেরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আমাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মামুন জানান , আমরা ব্যবসার কাজে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখি। তাদের পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করার চেষ্টা করলে তারা ছাত্রদল নেতা ফজলে রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া চেষ্টা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া আলামত তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








