ঢাকা জেলার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফেয়ারডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এই অভিযান হয়। ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের নেতৃত্বে দুটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ১৪ আগস্ট শুক্রবার রাত ১০:০৫ টায় ডিবি দক্ষিণের এসআই (নিরস্ত্র) মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ বিআরটিএ-এর মূল ফটকের সামনে থেকে মোঃ ইউসুফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত ইউসুফ শরীয়তপুরের নড়িয়া থানার জপসা গ্রামের মোঃ এমদাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে শ্যামপুর সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় বসবাস করতেন।
অন্য এক অভিযানে, ১৫ আগস্ট শনিবার রাত ০১:৩০ টায় এসআই (নিরস্ত্র) মোঃ আপেল মাহমুদের নেতৃত্বে অপর একটি টিম দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে 'রসরাজ মিষ্টান্ন ভান্ডার'-এর সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলেন—ঢাকার দোহার থানার রুইতা গ্রামের রহিম খানের ছেলে মোঃ সজিব খান এবং একই থানার মধুরখোলা গ্রামের মোঃ সাইজ উদ্দিনের ছেলে মোঃ সোহান। তল্লাশি চালিয়ে সজিবের কাছ থেকে ৩০ পিস এবং সোহানের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
ডিবি (দক্ষিণ) পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








