পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে নাইম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন তার মা, স্ত্রী ও দুই বছরের শিশুও। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কলাপাড়া পৌরসভার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নাইম, তার মা রুমা বেগম, স্ত্রী রেজবি ও দুই বছরের শিশু তাসরিফ। গুলিবিদ্ধ নাইমের বাম পায়ে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রুমা বেগম জানান, রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার পর থেকে ৩টার মধ্যে বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে অস্ত্রধারী ডাকাত দলের চার সদস্য ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন অস্ত্রধারী পাহারায় ছিল।
ঘরে ঢুকেই ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে নাইম বাধা দিলে তার হাঁটু বরাবর গুলি করা হয়। পরে দুই বছরের শিশু তাসরিফের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি আইফোন নিয়ে যায় ডাকাতরা।
প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট ও তাণ্ডব চালানোর পর ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, ডাকাত দলের অধিকাংশ সদস্যের শরীরের রং কালো এবং তারা খাটো আকৃতির ছিল। তাদের হাতে পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








