শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

সিংগাইরে ১৩০ শিক্ষার্থী নিয়ে এডু স্টার স্কলারশিপ, পাশে একজন বাংলাদেশ ফাউন্ডেশন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৪:২৯

শেয়ার

সিংগাইরে ১৩০ শিক্ষার্থী নিয়ে এডু স্টার স্কলারশিপ, পাশে একজন বাংলাদেশ ফাউন্ডেশন
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে এডু স্টার স্কলারশিপ প্রোগ্রাম-২০২৬। বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সিংগাইরের এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় সিংগাইর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাফিজা আনজুম খান, জামান গ্রুপের চেয়ারম্যান নূরে জামান পিয়াস, সিংগাইর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন আক্তার ফজলু এবং এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক শিরিন নাসরিন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাফিজা আনজুম খান বলেন, সিংগাইরের প্রতিটি মেধাবী শিক্ষার্থী যেন তাদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেটিই তাদের লক্ষ্য। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন থেমে না যায়, সে লক্ষ্যেই তারা কাজ করতে চান।

তিনি বলেন, এবার সীমিত পরিসরে ১৩০ জন শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। আগামীতে সিংগাইরের ২৪টি হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে আরও বড় পরিসরে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।

নাফিজা আনজুম খান আরও বলেন, বর্তমানে অনুষ্ঠিত পরীক্ষায় যারা প্রথম স্থান অর্জন করবে, তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হবে। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের দিকেও নজর দিতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে সিংগাইরের তথা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।



banner close
banner close