চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ।
যেভাবে ঘটে দুর্ঘটনা
ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি লক্ষ করে। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন বলে জানান ফেরদৌস ওয়াহিদ। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যুর তথ্য তাদের কাছে রয়েছে, তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সরকারি সংস্থার বক্তব্য
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, তারা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছেন, যাদের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত করতে পেরেছেন। বাকিদের অবস্থা এখনো জানা যায়নি বলে জানান তিনি।
ঘটনাটি গ্যাস নির্গমন নাকি বিস্ফোরণ, তা খতিয়ে দেখার পাশাপাশি ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:








