বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তিন তরুণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৫:৫০

শেয়ার

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তিন তরুণী
ছবি সংগৃহীত

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফিরেছেন তিন তরুণী। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলেন সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির লোভে পড়ে দুই বছর আগে দালালের মাধ্যমে অবৈধপথে ভারতের মুম্বাই যান ওই তরুণীরা। সেখানে কাজ করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হলে আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেন।

সাজার মেয়াদ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দূতাবাসের কূটনৈতিক যোগাযোগ ও বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, থানা থেকে তাদের গ্রহণ করে নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।



banner close
banner close