ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মো. রনি মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানার সিংগারবিল বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিংগারবিল ইউনিয়নের একটি চৌ'চালা টিনশেড বসতঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি পাটের বস্তার ভেতর নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ মো. রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি বিজয়নগর উপজেলার কাশিনগর (লিচু বাগান) এলাকার মো. আবন মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রনি মিয়া জানিয়েছেন, তিনি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধার করা গাঁজা বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








