চট্টগ্রামের বাঁশখালীতে পিতাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি ছেলে মোহাম্মদ শাহাদাত প্রকাশ মোবারেক হোসেন ওমান পালানোর পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।
গ্রেপ্তার শাহাদাত বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা। তার পিতা মোহাম্মদ শাহজাহান মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সোমবার গভীর রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শাহাদাত ও মেয়ে অভিমণি মিলে পিতাকে মারধর করেন। এতে শাহজাহান গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরাই তাকে রাতের দিকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, শাহজাহানের মৃত্যুর পর ছেলে শাহাদাত ও মেয়ে অভিমণি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের বড় মেয়ে লাকী আক্তার বাদী হয়ে তার ভাই ও বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, 'শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার বড় মেয়ে লাকী আক্তার বাদী হয়ে ভাই-বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার পর শাহাদাত ওমান পালিয়ে যেতে পারেন–এমন তথ্য পুলিশের কাছে আসে। এরপর তার ছবি ও প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠিয়ে তাকে আটকের অনুরোধ করা হয়।'
তিনি আরও বলেন, 'বুধবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহাদাতকে বাঁশখালী থানায় আনার পর মামলার পরবর্তী কার্যক্রম ও আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলার অপর আসামি তার বোন অভিমণিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:








