জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ। কালাই থানা পুলিশ ও র্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বুধবার বিকেলে কালাই থানা তদন্ত কর্মকর্তা দীপেন্দ্র নাথ সিংহ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত আসামিরা হলেন, মাত্রাই ইউনিয়নের শাইলগুন ফকির পাড়া গ্রামের ছামেদ আলির ছেলে বাবুল হোসেন এবং একই এলাকার আজিজার রহমান এর ছেলে মিজানুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই কালাই উপজেলার শালবন গ্রামে আব্দুল হান্নানকে ডেকে নিয়ে নির্যাতন ও বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠে। পরে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে ২১ জুলাই কালাই থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামি তহিদুল ইসলামকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এরপর মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, র্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মজুমদারহাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:








