বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর ৫ দিনের অবস্থান, বিষের বোতল উদ্ধার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৬:০৩

শেয়ার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর ৫ দিনের অবস্থান, বিষের বোতল উদ্ধার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচদিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। শনিবার থেকে বুধবার পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের আমিন খানের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ সময় তাঁর হাতে বিষের বোতল ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে স্থানীয় সর্দার-মাতব্বররা বোতলটি সরিয়ে নেন।

লায়লার অভিযোগ, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তাঁর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরবর্তীতে দুবাই যাওয়ার পর আরও দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে দাবি তরুণীর।

লায়লার বাবা শংকরাদহ গ্রামের বাসিন্দা সোহাগ খান বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় তাঁর মেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য গ্রামের সর্দার-মাতব্বররা ছেলে পক্ষের সঙ্গে আলোচনা করে বিয়ের প্রস্তাব দিলে প্রথমে সম্মতি জানালেও পরে তারা নানা টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ পাঁচদিন ধরে মেয়ে ওই বাড়িতে অবস্থান করায় তাঁর নিরাপত্তা নিয়ে পরিবার উদ্বিগ্ন। বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধানের দাবি জানান তিনি।

এ বিষয়ে আমিন খানের বড় ভাই আজমল খান বলেন, তাঁর ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে বর্তমানে তাঁর ছোট ভাই বিয়েতে সম্মতি দিচ্ছেন না। ফলে পরিবার হিসেবে তাঁদের কী করার আছে, এমন মন্তব্য করেন তিনি।

বিষের বোতল রাখার বিষয়ে আজমল খান বলেন, তরুণীর কাছে বিষের বোতল ছিল। পরে গ্রামের সাহেব-সর্দাররা সেটি সরিয়ে নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক ও উদ্যোগ নেয়া হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি। পাঁচদিন ধরে তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান করায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে।

আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাইপ্রবাসী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় বুধবার এখনো পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

তবে তরুণীর হাতে বিষের বোতল থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। পরিস্থিতি যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় রূপ না নেয়, সে জন্য দ্রুত পারিবারিক ও আইনগতভাবে বিষয়টির সমাধান জরুরি।



banner close
banner close