বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৩:১৬

শেয়ার

বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ, আতঙ্ক
ছবি সংগৃহীত

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের পর আদালত এলাকায় থাকা দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কেউ হতাহত হননি। অনেকেই আতঙ্কে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ আদালতের প্রধান ফটকের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ব্যাপক শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে মুহূর্তের মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এ ঘটনায় পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, ১৫ আগস্ট সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত বা কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।



banner close
banner close