চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলে ও মেয়ের লাঠির আঘাতে মো. শাহজাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদন্ডী নিদা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শাহজাহান কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদন্ডী নিদা গাজী বাড়ির নুরুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শাহজাহানের মেয়ে অভি মনি ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে শাহজাহান মেয়েকে চড়-থাপ্পড় দেন। এ সময় অনিচ্ছাকৃতভাবে তাঁর পুত্রবধূর গায়েও একটি চড় লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত প্রকাশ মোবারেক হোসেন ও মেয়ে অভি মনি বাবাকে গাছের লাঠি দিয়ে মারধর করেন।
লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে শাহজাহান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত প্রায় ২টার দিকে স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, 'প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে ও মেয়ে মিলে বাবাকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।'
তিনি আরও বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।'
আরও পড়ুন:








