মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৮:১৩

শেয়ার

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

ঝালকাঠি সদর হাসপাতালে এক নারীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানিয়েছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে বাইরে নেয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি ধর্ষণ করেন।

ভোরের দিকে তিনি হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে এবং বিষয়টি পুলিশকে জানায়।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলছেন, ভুক্তভোগী নারী হাসপাতালেই থাকতেন। ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে সহায়তার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করি। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বেল্লাল সিকদার ও নাসির নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



আরও পড়ুন:

banner close
banner close