মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৮:০৩

শেয়ার

 শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতা আব্দুল কাদির মিয়া-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদির মিয়া চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কাদির মিয়ার স্ত্রী বীনা সরকারের বিদেশ থেকে পাঠানো টাকা নিয়ে তার মা হাজেরা খাতুন ওরফে মুল্লুক চান-এর সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুরবাড়ির রান্নাঘরে গিয়ে দা দিয়ে শাশুড়ি হাজেরা খাতুন ওরফে মুল্লুক চানকে কুপিয়ে হত্যা করেন কাদির মিয়া—এমন অভিযোগে মামলা করা হয়।

ঘটনার পর নিহতের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে আব্দুল কাদির মিয়াকে একমাত্র আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আফজাল হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।