মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৭:৫১

শেয়ার

সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার এক
ছবি: সংগৃহীত

সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মোঃ নুরুল চৌধুরী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগ।

ডিবি-সূত্রে জানা যায়, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আনুমানিক ৩:৪০ ঘটিকায় ডিএমপির উত্তরা বিভাগের ভূইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে-সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে ডিবি-রমনা বিভাগের একটি চৌকস দল। অভিযানে মোঃ নুরুল চৌধুরীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২টি ওয়াকিটকি, ২ সেট ওয়াকিটকির চার্জার, ১টি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত ১টি ভুয়া আইডি কার্ড, র‍্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয়যুক্ত ১টি ভুয়া আইডি কার্ড, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ১০টি পোশাক, সেনাবাহিনীর চিকিৎসা বইসহ বিভিন্ন ফর্ম ও প্যাড, সেনাবাহিনীর মেজর ও পুলিশ সুপার পরিচয়যুক্ত পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদন ফরম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরুল চৌধুরী তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে নিজেকে ‘মেজর আল মামুন, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেয়ার প্রলোভন দেখাতেন।

চাকরি প্রত্যাশী বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ ছিল এই প্রতারক চক্রের অন্যতম লক্ষ্য। প্রতারণার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন বাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যবহার করত। এছাড়া কখনো এসবি-ডিবির সদস্য এবং কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করার তথ্যও পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত নুরুল চৌধুরীর বিরুদ্ধে ইতোমধ্যে প্রতারণা সংক্রান্ত শাহআলী থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গ্রেফতারকৃতের ব্যবহৃত মোবাইল ফোন, উদ্ধারকৃত ভুয়া পরিচয়পত্র, নিয়োগ সংক্রান্ত কাগজপত্র, পোশাক ও অন্যান্য আলামত পরীক্ষা করে প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি প্রতারণার শিকার ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close