সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

ফল প্রকাশের আগেই চলে গেল ওয়াদুদ, এসএসসিতে পেয়েছে জিপিএ ৪.১১

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২১:৪৯

শেয়ার

ফল প্রকাশের আগেই চলে গেল ওয়াদুদ, এসএসসিতে পেয়েছে জিপিএ ৪.১১
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিল মেধাবী শিক্ষার্থী কাজী রেজা ওয়াদুদ। ভালো ফল করবে—এমন প্রত্যাশা ছিল পরিবার, শিক্ষক ও সহপাঠীদের। কিন্তু ফল প্রকাশের এক দিন আগেই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যায় ১৫ বছর বয়সী এই শিক্ষার্থী।

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, ওয়াদুদ জিপিএ ৪.১১ পেয়েছে। তবে কাঙ্ক্ষিত সেই ফল আর নিজের চোখে দেখা হলো না তার।

রবিবার দুপুর ১২টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজী রেজা ওয়াদুদ বাহুবল উপজেলার চকরামপুর গ্রামের আব্দুল ওয়াদুদ আলফুর একমাত্র সন্তান। সে উপজেলার সানশাইন মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল ওয়াদুদ। রবিবার দুপুরে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে সেখানেই তার মৃত্যু হয়।

ওয়াদুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সবচেয়ে বেশি কাঁদিয়েছে তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের।

যে শিক্ষার্থীর ভালো ফলের অপেক্ষায় ছিলেন শিক্ষক-সহপাঠীরা, ফল প্রকাশের আগের দিনই তার নিথর দেহ দেখতে হয়েছে তাদের।

সানশাইন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সামছুদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক থেকেই ওয়াদুদ এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সে ছিল মেধাবী ও ভালো শিক্ষার্থী। এসএসসিতে তার ভালো ফলের প্রত্যাশা ছিল সবার। ফল প্রকাশের আগের দিন তার চলে যাওয়া শিক্ষক-শিক্ষার্থী সবাইকে গভীরভাবে কাঁদিয়েছে।



banner close
banner close