সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

সিঙ্গারা-সমুচার লোভ দেখিয়ে শিশুদের মিছিলে নেয়ার অভিযোগ দেবিদ্বারে সেই যুবলীগ নেতা গ্রেফতার

মোশারফ হোসেন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৭:৩৬

শেয়ার

সিঙ্গারা-সমুচার লোভ দেখিয়ে শিশুদের মিছিলে নেয়ার অভিযোগ দেবিদ্বারে সেই যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সিঙ্গারা-সমুচা খাওয়ানোর লোভ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলে নেয়ার অভিযোগে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ছোটশালঘর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদ্দাম মুন্সী বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি ছোটশালঘর এলাকার বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ছোটশালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, সিঙ্গারা-সমুচা খাওয়ানোর কথা বলে শিক্ষার্থীদের মিছিলে নেয়া হয় এবং মিছিলটির আয়োজন ও নেতৃত্বে ছিলেন সাদ্দাম মুন্সী।

মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। ঘটনার পর থেকেই সাদ্দাম মুন্সী আত্মগোপনে ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দেবিদ্বার থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা গেছে, সাদ্দাম মুন্সী নাশকতার একটি মামলাসহ আরও চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলে সাদ্দাম মুন্সীর অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কোমলমতি শিশুদের ব্যবহার করে রাজনৈতিক দলের মিছিল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।



banner close
banner close