সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের অভিযান, আড়াই লাখ ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৭:১২

শেয়ার

চট্টগ্রাম বন্দরের অভিযান, আড়াই লাখ ইয়াবাসহ আটক ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সমুদ্র এলাকায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ওই এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সেটিকে আটক করেন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বড় চালান সম্পর্কে তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সংঘবদ্ধ মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালানো হচ্ছে। জব্দ করা ইয়াবা ও বোটসহ আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



banner close
banner close