সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৭:০৫

শেয়ার

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী লাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আউশকান্দি বাজারের কাঁচামাল ব্যবসায়ী মুর্শেদ আলম নিহত হন।

গুরুতর আহত অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়া এবং ইনাতগঞ্জ দক্ষিণগ্রামের বাসিন্দা কাশেম মিয়া মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ জনে। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপ ভ্যান জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।



banner close
banner close