সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

বিজয়নগরে জমির ফসল নষ্টকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা: প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৫:৪০

শেয়ার

বিজয়নগরে জমির ফসল নষ্টকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা: প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবুল খায়েরকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

রবিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সিলেট নগরের কোতোয়ালী থানাধীন একটি আইসক্রিম ফ্যাক্টরির ভেতর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের দুটি ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দের বাড়ী এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে।

র‍্যাব জানায়, বিজয়নগরের বাগদিয়া বন্দের বাড়ী এলাকার বাসিন্দা হামদু মিয়ার পরিবারের সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। গত ১ আগস্ট সকালে আসামিদের গরু হামদু মিয়ার জমির ফসল নষ্ট করলে তিনি এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়।

এর কয়েক ঘণ্টা পর সকাল আনুমানিক ৯টার দিকে আবুল খায়েরের নির্দেশে অন্য আসামিরা দলবদ্ধ হয়ে হামদু মিয়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে হামদু মিয়াকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।

হামদু মিয়াকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরে হামলাকারীরা তাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত হামদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় নিহত হামদু মিয়ার স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিএসসি সিলেটের একটি যৌথ দল সিলেটের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালায়। অভিযানে আইসক্রিম ফ্যাক্টরির ভেতর থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, বিজয়নগর থানার মামলা নং-০৩, তারিখ ৩ আগস্ট ২০২৬-এর মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর আবুল খায়েরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close