ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। প্রাকৃতিক সৌন্দর্য, নৌকায় পেয়ারা বেচাকেনার ব্যতিক্রমী পরিবেশ এবং স্থানীয় কৃষকদের পরিশ্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।
রবিবার সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলী এলাকায় যান রাষ্ট্রদূত। সেখানে তিনি ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় কৃষক ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
পরিদর্শন শেষে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার তাকে আকৃষ্ট করেছে। বিশেষ করে বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং এখানকার পেয়ারার গুণগত মান তার ভালো লেগেছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা উৎপাদন হয়। ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা চাষ করা হয়ে থাকে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশি পেয়ারা আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে পৌঁছাতে পারে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান মনোনীত রাষ্ট্রদূত।
উল্লেখ্য, বর্ষা মৌসুমে ভীমরুলীর খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত এই ভাসমান পেয়ারা বাজার।
আরও পড়ুন:








