গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন আলী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রবিবার সকাল থেকে মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। সকাল সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলছিল। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন গুরুতর আহত হন। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
শিক্ষার্থীদের দাবি, গাজীপুরা এলাকায় স্পিডব্রেকার, ফুটওভারব্রিজসহ নিরাপদ পারাপারের ব্যবস্থা করতে হবে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
আরও পড়ুন:








