শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৯:১৪

শেয়ার

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী
ছবি সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা দীপঙ্কর গোপ (৩৫) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন।

আটক দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

স্থানীয়দের দাবি, শনিবার সকালে সীমান্তের ওপারে একটি চা-বাগানে কাজ করার সময় ভুলবশত দীপঙ্কর বাংলাদেশ অংশে প্রবেশ করেন। পরে স্থানীয়রা তাকে আটক করেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, তার বাবা বয়স্ক মানুষ। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করার দাবি জানান তিনি।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্রুত পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।



banner close
banner close