শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

মেধাবীদের উৎসাহে জেলা পরিষদের উদ্যোগ: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৭:৫৪

শেয়ার

মেধাবীদের উৎসাহে জেলা পরিষদের উদ্যোগ: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে শিক্ষা উপকরণ ও বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, "শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি" শিক্ষাই জাতির উন্নতি ও সমৃদ্ধির মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতায় জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিক্ষা উপকরণ ও বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।



banner close
banner close