ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাব-৯-এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ বাবুল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত ১২:১০ মিনিটের দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত বাবুল হোসেন বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগারবিল বাজার এলাকায় অবস্থানকালে তারা জানতে পারে, নলগড়িয়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি পাটের বস্তার ভেতর নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাবুল হোসেন র্যাবকে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে সে নিজের হেফাজতে রেখেছিল।
র্যাব-৯ জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








