শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য ও কাভার্ডভ্যান জব্দ

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ২১:৫২

শেয়ার

হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য ও কাভার্ডভ্যান জব্দ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পৃথক পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা, কম্বল, মদ ও দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৫ ব্যাটালিয়ন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির তথ্যমতে, ভারতীয় অবৈধ পণ্য বহনকারী একটি কাভার্ডভ্যানের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় জিরাসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

একই দিনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এছাড়া সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় রাখা ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা এবং পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মদসহ অন্যান্য মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close