মিষ্টির প্যাকেট হাতে মোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান। সঙ্গে ছিলেন স্ত্রী জেসমিন বিবি ও নাতি। কিন্তু সেই যাত্রাই শেষ যাত্রায় পরিণত হলো। বগুড়ার এরুলিয়া বিমানবন্দর এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছে তাদের নাতি, যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার বাসিন্দা বাবুল হাসান ও তাঁর স্ত্রী জেসমিন বিবি। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন বাবুল হাসান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও নাতি। পথে একই দিকে চলা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জেসমিন বিবি ও তাঁদের নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, একই দিনে শুক্রবার সকালে বগুড়ার এরুলিয়া এলাকাতেই বাসচাপায় সাতজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার পর বিকেলে একই এলাকায় আবারও এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:








