শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

খোকসায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

​রাজু আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১৮:৪৪

শেয়ার

খোকসায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাফিজ আহমেদ খাঁন রাজুর ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির শতাধিক নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল ৪টা ৩৯ মিনিট থেকে ৫টা ২১ মিনিট পর্যন্ত কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্টান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানযট ও ভোগান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, আহত রাজুর বড় ভাই আব্দুল্লাহ মামুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইশরাদ জাহান পুলোম, পৌর বিএনপির সভাপতি রশিদ রেজা বাজু প্রমুখ।

বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, রাজুর ওপর সন্ত্রাসী হামলার দুইদিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে খোকসাকে অচল করে দেয়া হবে। আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌর বিএনপির অফিস শেষে থানাপাড়াস্থ নিজ বাসভবনে ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত নাফিজ আহমেদ খাঁন রাজুর ওপর অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।



banner close
banner close