শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১৭:৪৮

আপডেট: ৭ আগস্ট, ২০২৬ ১৭:৫০

শেয়ার

সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন
ছবি সংগৃহীত

সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তায় তুহিন চত্বরে সাংবাদিক তুহিন হত্যার এক বছর উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আহমেদ আবু জাফর বলেন, দেশে বিভিন্ন কারণে সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে চলেছে এবং সাংবাদিক হত্যারও বিচার সেভাবে হচ্ছে না। দেশ গঠনের পর এ যাবত অনেক সাংবাদিক হত্যার শিকার হলেও অধিকাংশ হত্যা মামলার বিচার হয়নি।

পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের আহ্বান

বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আহমেদ আবু জাফর আরও বলেন, এভাবে চলতে থাকলে নিরাপদে এ পেশায় কাজ চালানো কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, এখনও সময় আছে, পেশাটির মান রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত। চারদিকে ভিন্ন পেশার মানুষেরা সাংবাদিকতায় অনুপ্রবেশ করে পেশাটিকে কলুষিত করছে, তাদের রুখে দেওয়া উচিত। তাই দ্রুত পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই তালিকায় যেন অন্য কোনো পেশার মানুষের নাম না ওঠে, সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারকাজ সম্পন্ন করার দাবিও জানান তিনি।

তুহিন হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

তুহিন হত্যা দিবস এবং সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন কয়েকটি ব্যানারে একাত্মতা প্রকাশ করে তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করে।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান এবং খায়রুল আলম রফিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা সিকান্দার আলী কাবুল ও জাহিদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান, ভাওয়াল প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মো. ইব্রাহিম খন্দকার, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. গাজী মামুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য মো. হাসান মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, জাতীয় সাংবাদিক অধিকার সোসাইটির আহ্বায়ক মো. মানিক, মহানগর প্রেসক্লাবের মো. শহিদুল ইসলাম, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনজুর আলম সরকার, মো. রানা সাংবাদিক ও অভিনেতা, হেলেনা আক্তার, মো. আবু সালেক ভূঁইয়াসহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিবাদ সমাবেশ শেষে তুহিন চত্বরে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরে বাসন মেট্রো থানা প্রেসক্লাবে দোয়া, মিলাদ ও তবারক বিতরণ করা হয়।



banner close
banner close