সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মিলন মিয়া নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী নায়ক এলাকায় রাস্তার পাশের একটি খালে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। তিনি ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মিলন মিয়ার পরিচয় নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২ আগস্ট মিলন মিয়া বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
উদ্ধারের সময় মরদেহে একটি টি-শার্ট ও ফুলপ্যান্ট পরা ছিল। কয়েকদিন পানিতে পড়ে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, "মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:








