গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত, অযৌক্তিক বিল প্রত্যাহার, জ্বালানির মূল্য কমানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন, মহানগর সেক্রেটারি আ.স.ম. ফারুক, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিউদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা জামাতের সহকারি সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, সদর থানা আমীর অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান ও সেক্রেটারি মো. রবিউল হকসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরে গ্যাস ও বিদ্যুতের সংকটে জনজীবন ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তারা দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, ভুল বিল সংশোধন, জ্বালানির মূল্য হ্রাস এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন:








