তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কৃষি, শিল্প, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রায় সব খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন-জীবিকা চরম সংকটের মুখে পড়েছে, জনগণের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে এবং অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধি পাচ্ছে।
এ পরিস্থিতিতে জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ১১ দলীয় জোট পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো: (১) তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। (২) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। (৩) নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় ভর্তুকি ও জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৪) জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। (৫) জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
স্মারকলিপিতে ১১ দলীয় জোটের নেতারা আশা প্রকাশ করেন, দেশের জনগণের কষ্ট লাঘব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে জনগণের ন্যায্য দাবির প্রতি আন্তরিক ও ইতিবাচক সাড়া দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:








