ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি একটি ডাম্প ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরা ও ডাম্প ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় জিরাসহ ডাম্প ট্রাকটি স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের ওয়্যার হাউজে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
আরও পড়ুন:








