ঢাকার ধামরাইয়ে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. বজলুর রশিদ নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রশিদ কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মুনছের মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পশু চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালামপুর-কাওয়ালীপাড়া সড়কের মধুডাঙ্গা এলাকায় একজন শিশু রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রাক শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় মোটরসাইকেলে করে কালামপুরের দিকে যাচ্ছিলেন বজলুর রশিদ। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ট্রাকটির ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, 'মধুডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে জানতে পেরেছি। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম জানান, এ দুর্ঘটনার বিষয়ে থানা পুলিশকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়নি। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








