বুধবার

৫ আগস্ট, ২০২৬ ২১ শ্রাবণ, ১৪৩৩

সাকিবের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ২২:১২

শেয়ার

সাকিবের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুর
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান-এর মাগুরা শহরের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে এবং আলামত সংগ্রহের চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাড়ির গেটে নিক্ষেপ করা বস্তুটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকাটিতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, একই দিন দিল্লিতে আয়োজিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে এই প্রথম এ ধরনের হামলার অভিযোগ উঠল।



আরও পড়ুন:

banner close
banner close