৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠানের শুরুতে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদ। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল ইসলাম জহির, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দ, জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, "জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে আত্মত্যাগ করেছেন, তাদের এই সংগ্রাম জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি এ দেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন:








